
বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে আবার শুরু হচ্ছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্য দিয়ে স্থগিত পরীক্ষাগুলো পুনরায় শুরু হবে।

চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় গত ৮ জুলাই থেকে এসব পরীক্ষা স্থগিত ছিল। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সংশোধিত সময়সূচি অনুযায়ী, আজ ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা নেওয়া হবে।
২৪ আগস্ট অনুষ্ঠিত হবে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা। ২৭ আগস্ট একই বিষয়গুলোর দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৯ আগস্ট সকালে ভূগোল প্রথম পত্র এবং বিকেলে আরবি ও পালি প্রথম পত্রের পরীক্ষা হবে। ৩১ আগস্ট সকালে ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ২ সেপ্টেম্বর রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে। এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।
সংশোধিত সূচির শেষ দিকে ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা হবে। আর ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শেষ হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং বিকেলের শিফটের পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত আসনে বসতে হবে।
বন্যা ও প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতির কারণে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সংশোধিত সূচি অনুযায়ী আজ থেকে এসব পরীক্ষা আবার শুরু হচ্ছে।
মন্তব্য করুন