
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংসদ হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মাদ্রাসা শিক্ষার্থীরা। এ সময় এনসিপি বয়কট’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে শহরের কান্দিপাড়া এলাকা থেকে কওমি ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে বক্তারা জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের সমালোচনা করেন। তারা তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হাসনাত আব্দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা না চাইলে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে এনসিপির পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।
শনিবার শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই কর্মসূচি প্রতিহত করার ঘোষণাও দেন বিক্ষোভকারীরা।
কওমি ছাত্র ঐক্য পরিষদের এই কর্মসূচিকে ঘিরে শুক্রবার রাতে শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা দেখা দেয়।
এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে হাসনাত আব্দুল্লাহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন। তার ওই বক্তব্যের প্রতিবাদেই মাদ্রাসা শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
মন্তব্য করুন