
ময়মনসিংহ নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কোতোয়ালি থানাধীন ১ নম্বর পুলিশ ফাঁড়ির ২৭ কর্মকর্তা ও সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাদের বিভিন্ন থানায় পদায়নের জন্য পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, বদলি হওয়া ২৭ জনের মধ্যে রয়েছেন ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব মিল্কী, চারজন উপপরিদর্শক (এসআই), পাঁচজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং ১৭ জন কনস্টেবল। শিগগিরই ফাঁড়িটিতে নতুন পুলিশ সদস্যদের দায়িত্ব দেওয়া হবে।
পুলিশ সূত্র জানায়, গত ২১ আগস্ট নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় ১ নম্বর পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকায় যুবলীগের নেতা-কর্মীরা আকস্মিক একটি মিছিল বের করেন। নিষিদ্ধ সংগঠনের এই কর্মসূচি ঠেকাতে না পারায় ফাঁড়িতে দায়িত্ব পালনকারী সদস্যদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতেই ইনচার্জসহ ২৭ জনকে একযোগে বদলি করা হয়।
এদিকে, ২১ আগস্টের ওই ঝটিকা মিছিলের পর নগরীতে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। গত চার দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সহসভাপতি হিমন শেখ, যুবলীগ নেতা হামিদুর রহমান আকাশ, মাসুদ, সাংস্কৃতিক জোটের নেতা ফরহাদ, যুবলীগ নেতা ওবায়দুল হক এবং তানভীর ওরফে লিমন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ২১ আগস্ট নগরীতে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। উপপরিদর্শক (এসআই) মাজহার বাদী হয়ে করা মামলায় ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
ওসি বলেন, মামলাটিতে গত চার দিনে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন