
নীলফামারীর ডিমলা উপজেলার নটাবাড়ী গ্রামে জরাজীর্ণ কাঠের সেতু পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তারসহ স্থানীয় নেতাকর্মীরা।

সেতু পার হওয়ার সময় হঠাৎ একটি অংশ ভেঙে কয়েকজন নেতাকর্মী নদীর ধারে পড়ে গেলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন সংসদ সদস্য।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ৩ নম্বর ডিমলা ইউনিয়নের নটাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নটাবাড়ী গ্রামের সঙ্গে নাউতারা ইউনিয়নের যোগাযোগের অন্যতম মাধ্যম কাঠের সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সেতুটির দুরবস্থার কথা জানতে পেরে স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে এর বর্তমান অবস্থা পরিদর্শনে যান সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। একই সঙ্গে ভবিষ্যতে সেখানে নতুন একটি সেতু নির্মাণের সম্ভাব্য স্থানও পরিদর্শনের কথা ছিল। এ সময় উপজেলা আমীরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গ্রামবাসী তার সঙ্গে ছিলেন।
পরিদর্শনের একপর্যায়ে সেতুটির ওপর অতিরিক্ত মানুষের চাপ পড়ে। একসময় কাঠের সেতুটির একটি অংশ মচকে ভেঙে যায়। এতে সেখানে থাকা কয়েকজন নেতাকর্মী ভারসাম্য হারিয়ে নদীর ধারে পড়ে যান। উপস্থিত স্থানীয় লোকজন ও সফরসঙ্গীরা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় সংসদ সদস্যও নিরাপদে সরে যেতে সক্ষম হন।
ঘটনায় কয়েকজন সাময়িকভাবে আঘাত পেলেও গুরুতর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ সেতুর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন।
পরে আয়োজিত এক মতবিনিময় সভায় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, ‘আজকের এই ঘটনার মধ্য দিয়েই স্পষ্ট হলো গ্রামের মানুষ কত কষ্টে যাতায়াত করছেন।’
তিনি আরও বলেন, নটাবাড়ী-নাউতারা নদীর ওপর দ্রুত একটি পাকা ব্রিজ নির্মাণ এবং কাঁচা রাস্তা পাকাকরণে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে।
মন্তব্য করুন