
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টির দোকানগুলোতে অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রোববার দুপুরে পৌর এলাকার বিভিন্ন প্রসিদ্ধ মিষ্টির দোকানে পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণসহ নানা অনিয়ম ধরা পড়ে। পরে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার সকাল ১০টায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে। সাধারণত পাবলিক পরীক্ষার ফল প্রকাশের পর ভালো ফল করা শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা প্রতিবেশী ও স্বজনদের মধ্যে মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ উদযাপন করেন। ফলে এ সময় মিষ্টির চাহিদাও বেড়ে যায়।
এই বিষয়টি বিবেচনায় নিয়ে ফল প্রকাশের আগের দিন রোববার ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
অভিযানকালে কয়েকটি দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, মিষ্টির মধ্যে মাছি ও পোকার উপস্থিতি এবং ঢাকনাবিহীন অবস্থায় মিষ্টি সংরক্ষণসহ বিভিন্ন অনিয়ম দেখতে পান কর্মকর্তারা।
এসব অনিয়মের কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম কায়সার চারটি মিষ্টির দোকানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার আওতায় আসা প্রতিষ্ঠানগুলো হলো—আদর্শ মাতৃ ভান্ডার, মেসার্স মধুরাজ, ভোলাগিরি মিষ্টান্ন ভান্ডার ও মহাদেব মিষ্টান্ন ভান্ডার কারখানা।
নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান বলেন, দেশে বিভিন্ন পাবলিক পরীক্ষার ফল প্রকাশের সময় মিষ্টির চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হওয়ায় এবারও মিষ্টির চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়েই মিষ্টির দোকানগুলোতে অভিযান চালানো হয়েছে।
মন্তব্য করুন