
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরের অংশ হিসেবে সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে প্রথমে বাগেরহাটের মোংলায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

মোংলা বন্দরে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এরপর মোংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
দুপুরে প্রধানমন্ত্রী হযরত খান জাহান আলীর মাজার জিয়ারত করবেন। পরে সড়কপথে খুলনা জেলার উদ্দেশে রওনা হয়ে খুলনা সার্কিট হাউজে যাবেন।
সফরের শেষ পর্যায়ে বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন টু’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন সরকারপ্রধান।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে খুলনা নগরীতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নগরীর বিভিন্ন দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে দক্ষিণাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার নানা চিত্র। তাঁকে স্বাগত জানাতে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
দিনব্যাপী সফর শেষে আজই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
মন্তব্য করুন