
জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশনে ভুল পয়েন্টের কারণে পরিত্যক্ত তিন নম্বর লাইনে ঢুকে পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর জামালপুর এক্সপ্রেস। তবে ট্রেনের চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।

সোমবার (২ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৩০ মিনিট বিলম্বের পর ট্রেনটি পুনরায় জামালপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে ঢাকা থেকে জামালপুরগামী আন্তনগর জামালপুর এক্সপ্রেস নরুন্দি রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। ট্রেনটির দুই নম্বর লাইনে যাওয়ার কথা থাকলেও ভুলবশত সেটি পরিত্যক্ত তিন নম্বর লাইনে প্রবেশ করে। পরে স্টেশনের মাঝামাঝি গিয়ে লাইনের শেষ প্রান্তে ক্রস পিলার দেখতে পেয়ে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
পরে ট্রেনটি পেছনে সরিয়ে পয়েন্ট পরিবর্তনের মাধ্যমে দুই নম্বর লাইনে নেওয়া হয়। এ প্রক্রিয়ায় প্রায় আধঘণ্টা সময় লাগে। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী বকুল মিয়া জানান, ট্রেনটির দুই নম্বর লাইনে প্রবেশ করার কথা ছিল। কিন্তু সেটি ভুল করে তিন নম্বর লাইনে চলে যায়। তবে ট্রেনের গতি কম থাকায় এবং চালকের তাৎক্ষণিক সিদ্ধান্তের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
জানা গেছে, পাথর নামানোর কাজে ব্যবহারের জন্য তিন নম্বর লাইনের অর্ধেক অংশ সচল রাখা হয়েছে। এ লাইনের পয়েন্ট ম্যানুয়ালি পরিবর্তন করতে হয়।
পয়েন্টসম্যান মুজিবুর রহমান ভুল স্বীকার করে জানান, পাথরবাহী ট্রেন আসার কারণে বারবার পয়েন্ট পরিবর্তন করতে হয়। এ কারণেই ভুলটি হয়েছে।
এ বিষয়ে নরুন্দি রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়ান হারুন সালাফী জানান, ম্যানুয়ালি পয়েন্ট পরিবর্তন করার কথা থাকলেও তা করা হয়নি। ভুলবশত ট্রেনটি তিন নম্বর লাইনে প্রবেশ করেছিল। তবে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি।
অফিসকক্ষে ঝিমিয়ে পড়ার অভিযোগ অস্বীকার করলেও পরিত্যক্ত লাইনে ট্রেন প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন স্টেশন মাস্টার ও সংশ্লিষ্ট কর্মচারীরা।
মন্তব্য করুন