
গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় অন্তত দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
ঘটনার বিবরণ দিতে গিয়ে সালাহউদ্দিন আহমদ জানান, গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের একটি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী মিছিল করার চেষ্টা করেন। এ সময় সেখানে টহলরত পুলিশ সদস্যরা উপস্থিত হন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাস্থলে পুলিশের সদস্যসংখ্যা তুলনামূলক কম ছিল। এ কারণে পুলিশ সদস্যরা হামলার শিকার হন। ঘটনার ভিডিও ফুটেজ সরকার দেখেছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এ ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন