
ঢাকা-চট্টগ্রাম রুটের আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ সম্প্রসারণ করে কক্সবাজার পর্যন্ত নেওয়া হচ্ছে। আগামী সোমবার (২৬ অক্টোবর) থেকে নতুন রুট ও সময়সূচি অনুযায়ী চলাচল করবে ট্রেনটি। এতে ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী বিভিন্ন স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে মহানগর এক্সপ্রেসের প্রথম যাত্রার উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। নির্ধারিত সময় অনুযায়ী, রাত ৩টায় ট্রেনটি চট্টগ্রামে পৌঁছাবে এবং রাত ৩টা ২০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।
মহানগর এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত হওয়ায় ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনের যাত্রীরা কক্সবাজার ভ্রমণে বাড়তি সুবিধা পাবেন।
এতদিন ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস বিরতিহীনভাবে চলাচল করায় মধ্যবর্তী অনেক স্টেশনের যাত্রীরা সরাসরি এসব ট্রেনে ভ্রমণের সুযোগ পেতেন না। মহানগর এক্সপ্রেসের নতুন রুট চালু হলে পর্যটকদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি রেলওয়ের আয়ও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসে মোট ১৬টি কোচ থাকবে। ট্রেনটিতে আসনসংখ্যা হবে ৭০৬ থেকে ৭৩৬টি। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে রোববার।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক জানিয়েছেন, নতুন রুটে ট্রেন চালুর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গত ১৬ অক্টোবর থেকেই নতুন রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে মহানগর এক্সপ্রেসের।
অন্যদিকে, ফিরতি পথে কক্সবাজার থেকে সকাল ৮টায় ছেড়ে ট্রেনটি দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
নতুন রুটে মহানগর এক্সপ্রেসের আসনভেদে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৮৫ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার ৫৭০ টাকা পর্যন্ত।
ঢাকা থেকে কক্সবাজার:
চট্টগ্রাম থেকে কক্সবাজার:
যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, ‘Rail Sheba’ মোবাইল অ্যাপ এবং অনুমোদিত রেলওয়ে স্টেশন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। যাত্রীরা আসনের ধরন ও প্রাপ্যতা অনুযায়ী পছন্দের টিকিট বুক করতে পারবেন।
মহানগর এক্সপ্রেসের নতুন রুট চালু হলে ঢাকা ও চট্টগ্রামসহ মধ্যবর্তী এলাকার যাত্রীদের কক্সবাজার যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন