
দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার অভিযোগের মধ্যে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বনন্দিত ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারি। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি জানান, তার নিজের বাসার বিদ্যুৎ বিলও হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বেড়েছে।

একই ধরনের অভিযোগ পরিচিত অনেকের কাছ থেকেও পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
পোস্টে ড. আজহারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলের অনেক গ্রাহক অভিযোগ করছেন, আগের মাসের তুলনায় চলতি মাসে, বিশেষ করে জুন মাসের বিদ্যুৎ বিল কয়েক গুণ বেশি এসেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে।
ড. আজহারির পোস্ট প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। অল্প সময়ের মধ্যেই পোস্টটিতে বিপুল সংখ্যক প্রতিক্রিয়া ও মন্তব্য জমা পড়ে। অনেক ব্যবহারকারী নিজেদের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিজ্ঞতাও শেয়ার করেন।
এদিকে সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে তাদের নজরে এসেছে। এ ধরনের প্রচারণার প্রতিবাদ জানিয়ে বিভাগটি দাবি করে, অতিরিক্ত বিদ্যুৎ বিল-সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তাই এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানানো হয়।
একই সঙ্গে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, কোনো গ্রাহকের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রয়োজনীয় প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে বিভাগটি।
মন্তব্য করুন