
রাজধানীর সদরঘাট-সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে বিজয়া দশমী উপলক্ষে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। ইতোমধ্যে কয়েকটি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। বিভিন্ন পূজামণ্ডপ থেকে ভক্তরা নৌকায় করে একে একে প্রতিমা নিয়ে বিসর্জনস্থলে আসছেন।

বুধবার (২১ অক্টোবর) সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন ও নিরাপদ করতে পূর্বপরিকল্পনা অনুযায়ী নৌ পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ওয়াটার বোর্ড ও স্পিডবোট নিয়ে পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। প্রতিমা বিসর্জনের কার্যক্রম দিন-রাত যতক্ষণ চলবে, ততক্ষণ বাড়তি নিরাপত্তা বজায় রাখা হবে।
ওসি আব্দুর রব আরও জানান, বুধবার বিকেল ৩টার মধ্যে কয়েকটি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। বর্তমানে এ কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন মণ্ডপ থেকে পর্যায়ক্রমে প্রতিমা নিয়ে নৌকায় করে ভক্তরা বুড়িগঙ্গা নদীতে আসছেন।
এদিকে, পুরান ঢাকার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল জানান, কোতোয়ালি থানা-সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে কিছুক্ষণ আগে একটি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। এ উপলক্ষে কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, পুরান ঢাকার কোতোয়ালি থানা এলাকার মধ্য দিয়ে অধিকাংশ প্রতিমা বিসর্জনের জন্য বুড়িগঙ্গা নদীর দিকে নেওয়া হচ্ছে। বিসর্জনস্থলগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিমা নিয়ে যাওয়ার সময় সড়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ট্রাফিক পুলিশও পুরো বিষয়টি তদারকি করছে।
মন্তব্য করুন