
রাজধানীর ভাটারা থানাধীন একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫৬ জন নারী-পুরুষকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় বাড়িটি থেকে বিপুল পরিমাণ মদও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাত থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবীর। ডিবি প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি সূত্রে জানা গেছে, ভাটারা থানার পুলিশ হাউজিং-১ এলাকায় অবস্থিত আড়াইতলা বাড়িটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল। স্বল্পমেয়াদি আবাসন ভাড়ার প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটি ভাড়া দেওয়া হতো। এসব অভিযোগের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ৫৬ জন নারী-পুরুষকে আটক করার পাশাপাশি বিপুল পরিমাণ মদ জব্দ করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।
ডিবি সূত্র আরও জানায়, বাড়িটির মালিক পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির। তিনি বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তা এবং বর্তমানে পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখায় দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমানের স্টাফ অফিসার হিসেবে কাজ করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
মন্তব্য করুন