
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। নিহতদের মধ্যে ৯ জন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন এবং নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
তাঁরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ৯ জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন