
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে তথ্য ঘাটতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সোমবার (১৯ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদানে ঘাটতি তৈরি হয়েছে। শিরশ্ছেদের ঘটনাটি ঘিরে তথ্যের এই ঘাটতি কেন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
হুমায়ুন কবির আরও বলেন, জেনেভা কনভেনশন অনুযায়ী, কোনো অপরাধীকে আটক করা হলে সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশকে জানানোর কথা ছিল।
এদিকে, অন্য এক প্রশ্নের জবাবে শেখ হাসিনার শাসনামলে দুর্নীতিতে জড়িত এবং দেশকে অস্থিতিশীল করার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় আনার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, শেখ হাসিনা আমলের যারা চুরি ও দেশকে অস্থিতিশীল করার সঙ্গে জড়িত, তাদের বিচারের মুখোমুখি করা হবে।
মন্তব্য করুন