
বগুড়া – 10-10-25
বগুড়া শহরের শহীদ জব্বার ক্লাব ও পাঠাগারের জায়গায় শিশুপার্ক নির্মাণ এবং সরকারি জমি দখলের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার দুপুরে বগুড়ার সাতমাথায় আয়োজিত এ মানববন্ধনে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। এ সময় তারা শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য একটি পূর্ণাঙ্গ শিশুপার্ক নির্মাণ, সরকারি জমির সীমানা নির্ধারণ এবং কথিত অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বগুড়া শহরের সুজাপুর, রহমাননগর ও জলেশ্বরীতলা এলাকার শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য পর্যাপ্ত জায়গা নেই। শহীদ জব্বার ক্লাব ও পাঠাগারের জায়গায় শিশুপার্ক নির্মাণ করা হলে এলাকার শিশু-কিশোরদের জন্য একটি নিরাপদ বিনোদনকেন্দ্র গড়ে উঠবে।
তাদের অভিযোগ, সরকারি জমি দখলের অপচেষ্টা বন্ধ করে জায়গাটি সুরক্ষিত রাখা প্রয়োজন। একই সঙ্গে জমির সঠিক পরিমাপ ও সীমানা নির্ধারণ করে সেখানে শিশুদের জন্য পূর্ণাঙ্গ পার্ক নির্মাণের দাবি জানান তারা।
মানববন্ধন থেকে শহীদদের স্মৃতি সংরক্ষণ, শিশুদের বিনোদনের সুযোগ সৃষ্টি এবং সরকারি জমি রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।
মন্তব্য করুন