
দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে রাজনীতিতে ভালো ও সৎ মানুষের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
আন্দালিভ রহমান পার্থ বলেন, গত ১৭ বছরে দেশের অন্যান্য ক্ষেত্রের মতো নেতৃত্বের ক্ষেত্রেও বড় ধরনের সংকট তৈরি হয়েছে। রাজনীতিবিদদের প্রতি মানুষের মধ্যে এমন এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে যে, অনেক রাজনীতিবিদের সন্তানও এখন রাজনীতিতে আসতে আগ্রহী নন। তবে রাজনীতিতে অংশগ্রহণ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিষয়টি অনেকেই উপলব্ধি করতে চান না।
তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন, গ্যাস সরবরাহ কিংবা শিল্পায়ন উন্নয়নের একটি অংশ। কিন্তু দেশের বর্তমান প্রয়োজন শুধু উন্নয়ন নয়, বরং মানসম্মত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা। আর এ জন্য রাজনীতিতে ভালো ও যোগ্য মানুষের নেতৃত্বে আসা জরুরি।
তথ্যমন্ত্রী বলেন, যারা বর্তমানে রাজনীতিতে কাজ করার সুযোগ পেয়েছেন, তাদের দায়িত্ব হলো পরবর্তী প্রজন্ম থেকে যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে নিয়ে আসার সুযোগ তৈরি করা। তরুণদের রাজনীতিতে উৎসাহিত করার পাশাপাশি তাদের জন্য এমন একটি রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে রাজনীতিতে অংশ নিতে পারেন।
তিনি আরও বলেন, তরুণ ও মেধাবীদের রাজনীতিতে সম্পৃক্ত করা গেলে ভবিষ্যতে দেশের নেতৃত্ব আরও শক্তিশালী হবে এবং উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করার পথ সহজ হবে।
মন্তব্য করুন