
মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে সাইবার নিরাপত্তা বিষয়ে অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদ সংগ্রহের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রশিক্ষণ শেষ করে অনলাইন থেকে সনদ ডাউনলোড করতে হবে।

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ইউনিসেফের কারিগরি সহায়তায় এ অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাউশির প্রশিক্ষণ শাখা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষককে নির্ধারিত সময়ের মধ্যে সাইবার নিরাপত্তাবিষয়ক এ প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। মাউশির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে কোর্সটি করা যাবে।
শিক্ষকরা নিজ নিজ পিডিএস আইডি ব্যবহার করে প্ল্যাটফর্মে লগইন অথবা রেজিস্ট্রেশন করে প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।
অনলাইন প্রশিক্ষণ কোর্সটিতে মোট ছয়টি মডিউল রয়েছে। এর মধ্যে ষষ্ঠ মডিউলে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এর ছবি বা ভিডিও নির্ধারিত লিংকের মাধ্যমে জমা দিতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা অনলাইন প্ল্যাটফর্মেই দেওয়া হয়েছে।
ছয়টি মডিউল ও নির্ধারিত শ্রেণি কার্যক্রম সফলভাবে শেষ করার পর শিক্ষকরা অনলাইন থেকেই প্রশিক্ষণের সনদ সংগ্রহ করতে পারবেন।
মাউশি জানিয়েছে, প্রশিক্ষণ শেষে দেওয়া সনদে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমির (নায়েম) মহাপরিচালকদের স্বাক্ষর থাকবে।
নির্ধারিত সময়সীমার মধ্যে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে এ অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদ সংগ্রহ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন