
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ব্যবসা পরিচালনার ক্ষেত্রে পরিবেশের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেন, কৃষিজমির উর্বরতা রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং কার্বন নিঃসরণ কমাতে ব্যবসায়িক কার্যক্রমে পরিবেশবান্ধব উদ্যোগকে অগ্রাধিকার দিতে হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় বিভাগ ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।
নির্মাণ খাতে পরিবেশের ওপর চাপ কমাতে প্রচলিত ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ব্লকশিল্পের প্রসারে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে।
শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবেশ সুরক্ষার পাশাপাশি নির্মাণ খাতের চাহিদার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। এজন্য সরকারি প্রকৌশল বিভাগ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ব্লক উৎপাদক এবং অন্যান্য অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, টেকসই নির্মাণব্যবস্থা গড়ে তুলতে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়। ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে পরিবেশের বিষয়ে সচেতন হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। এতে বিভাগ ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
মন্তব্য করুন