
সৌদি আরবের মদিনা ও পূর্বাঞ্চলকে লক্ষ্য করে এগিয়ে আসা পাঁচটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। এর মধ্যে চারটি ড্রোন মদিনার দিকে এবং অপরটি পূর্বাঞ্চলের দিকে ছোড়া হয়েছিল। বুধবার ভোরে জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তুর্কি আল-মালিকি বলেন, মদিনার দিকে ছোড়া চারটি ড্রোন শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
এ ছাড়া পৃথক এক বিবৃতিতে তিনি জানান, সৌদি আরবের পূর্বাঞ্চলের দিকে এগিয়ে আসা আরও একটি ড্রোন ধ্বংস করেছে জোটের বাহিনী। এ নিয়ে মোট পাঁচটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এসব ড্রোন ধ্বংসের ঘটনা ঘটল। হুথিরা সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। অন্যদিকে, ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর আগে ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির কয়েকটি প্রদেশ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে হুথি বিদ্রোহীরা।
মন্তব্য করুন