
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। এদিন শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফল প্রকাশের অনুষ্ঠানে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফলাফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করবেন।
ফল উদ্বোধনের সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান শনিবার (৮ আগস্ট) জানিয়েছিলেন, সোমবার সকাল ১০টায় সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বোর্ডভিত্তিক ফলাফল পাওয়া যাবে।
এ ছাড়া দুটি অভিন্ন ওয়েবসাইট-eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd-থেকেও ফলাফল দেখা যাবে। শিক্ষার্থীরা চাইলে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখতে হবে। এরপর স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
এসএমএস পাঠানোর পর ফিরতি বার্তায় পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ কাটা হবে। এই চার্জের মধ্যে প্রযোজ্য সব ধরনের কর অন্তর্ভুক্ত রয়েছে।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে।
এর মধ্যে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার জন্য ফরম পূরণ করেছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।
ফল প্রকাশের পর কোনো শিক্ষার্থী তার প্রাপ্ত ফল নিয়ে অসন্তুষ্ট হলে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত এ আবেদন গ্রহণ করা হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন করতে হবে। আবেদন করার পদ্ধতি ও বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও নির্ধারিত ওয়েবসাইট থেকে তাদের শিক্ষার্থীদের ফলাফল সংগ্রহ করতে পারবে। এজন্য ওয়েবসাইটের ‘Result’ অপশনে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে হবে।
সব মিলিয়ে সোমবার সকাল ১০টায় একযোগে প্রকাশ হতে যাচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল এসএমএস-এই তিন মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন।
মন্তব্য করুন