
নতুন এই বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন।
নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
এদিকে, ২০২৬-২৭ অর্থবছরে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ এ খাতে মোট বরাদ্দের পরিমাণ ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা।
সোমবার অর্থ মন্ত্রণালয়ে পে-স্কেল পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চলতি বছরের মধ্যেই পে-স্কেল হবে। তবে এ বিষয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি।
এর আগে রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার জানিয়েছিলেন, সরকারি চাকরিজীবীদের জন্য ‘যে কোনো মুহূর্তে’ নতুন পে-স্কেল ঘোষণা করা হবে।
নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত হওয়ায় এখন এর বাস্তবায়ন প্রক্রিয়া ও সময়সূচি নিয়ে অপেক্ষায় রয়েছেন সরকারি চাকরিজীবীরা।
মন্তব্য করুন