
রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা থেকে রাতে পৃথক ঘটনায় আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তারা হাসপাতাল ছেড়ে যান।

আহতরা হলেন-জাকারিয়া ও বিল্লাল। জাকারিয়ার স্ত্রী সুমাইয়া খাতুন জানান, তারা নারায়ণগঞ্জের সাইনবোর্ড পাসপোর্ট অফিস এলাকায় বসবাস করেন। পেশায় গ্রাফিক্স ডিজাইনার জাকারিয়ার পাসপোর্ট অফিসের পাশে একটি দোকান রয়েছে।
শনিবার তারা সদরঘাট এলাকায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। রাতে সেখান থেকে সাইনবোর্ডের বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে রিকশায় ওঠার সময় তাদের পাশেই একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে জাকারিয়ার থুতনির নিচে গুরুতর জখম হয়।
অন্য আহত বিল্লালের মামাতো ভাই বাচ্চু চাকলাদার জানান, ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা বিল্লাল বর্তমানে ডেমরার কোনাপাড়া এলাকায় থাকেন। তিনি নিজেই অটোরিকশা চালান।
শনিবার সন্ধ্যায় যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে যাত্রীর অপেক্ষায় অটোরিকশা নিয়ে দাঁড়িয়ে ছিলেন বিল্লাল। এ সময় তার পাশে পরপর দুই থেকে তিনটি বিকট শব্দ হয়। বিস্ফোরণের পর ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যায়।
পরে বিল্লাল দেখতে পান, তার ডান হাতের কবজি থেকে রক্ত ঝরছে। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন। খবর পেয়ে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, যাত্রাবাড়ীর ককটেল বিস্ফোরণে আহত দুইজন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের মধ্যে বিল্লালের ডান হাতের কবজিতে এবং জাকারিয়ার থুতনিতে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।
জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দুজনই হাসপাতাল থেকে চলে গেছেন।
মন্তব্য করুন