
সাংবিধানিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে নির্ধারিত সময়েই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ড. আবদুল মঈন খান বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সরকারের একটি গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমধর্মী মন্ত্রণালয়। জনগণকে সরাসরি সেবা দেওয়ার ক্ষেত্রে এ মন্ত্রণালয়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোর একটি। স্থানীয় সরকার ব্যবস্থা সঠিকভাবে পরিচালিত হলে পুরো দেশই সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব।
তিনি বলেন, এ মন্ত্রণালয় সরাসরি তৃণমূলের মানুষের সঙ্গে কাজ করে। তাই মন্ত্রণালয়ের কার্যক্রম সফল হলে সরকারের সামগ্রিক কর্মকাণ্ডও সফল হবে।
মন্ত্রী বলেন, সরকার দেশের সব মানুষের সেবা নিশ্চিত করবে। তবে দরিদ্র ও অসহায় মানুষের সেবাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। তার অভিযোগ, গত ১৭ বছরে ধনিক শ্রেণির স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে দরিদ্র মানুষের অধিকার হরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দরিদ্র মানুষের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করেছেন। ভবিষ্যতেও সাধারণ ও দরিদ্র মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করবে। দেশের জনগণের কল্যাণই সরকারের প্রধান লক্ষ্য।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ড. মঈন খান বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত অনুষ্ঠিত চারটি নির্বাচনে জনগণের ইচ্ছার যথাযথ প্রতিফলন ঘটেনি। দীর্ঘ সময় পর ২০২৬ সালের নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বকারী সরকার এখন দেশ পরিচালনা করছে।
তিনি বলেন, সামনে এক বছর একটি দীর্ঘ সময়। সংবিধানের নিয়মকানুন অনুসরণ করে, সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং জনগণের ইচ্ছার প্রতিফলন নিশ্চিত করেই স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্ত্রী বলেন, এসব নির্বাচনের মাধ্যমে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরাই নির্বাচিত হয়ে স্থানীয় সরকার পরিচালনার দায়িত্ব পাবেন।
ড. আবদুল মঈন খান বলেন, শুধু স্থানীয় সরকার মন্ত্রণালয় নয়, সরকারের সব পর্যায়েই অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে।
তিনি বলেন, বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। দলটি আইনের শাসনের রাজনীতিতে বিশ্বাস করে। সরকার দেশে সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিগত সরকারের সময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ঘিরে লুটপাট ও দুর্নীতির যেসব অভিযোগ উঠেছিল, সেসব থেকে বেরিয়ে আসতে তারা কাজ করছেন।
মন্তব্য করুন