
মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল পেয়েছেন এক গ্রাহক। ঘটনাটি ঘটেছে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের ক্ষেত্রে।

জানা গেছে, গত ৮ আগস্ট আলেয়া খাতুনের বিদ্যুৎ মিটারের রিডিং ছিল ১৬০ ইউনিট। এক মাস পর ৮ সেপ্টেম্বর মিটারের রিডিং বেড়ে দাঁড়ায় ৩৯৫ ইউনিটে। সে হিসাবে ওই এক মাসে তাঁর বিদ্যুৎ ব্যবহার হয়েছে ২৩৫ ইউনিট।
স্বাভাবিক হিসাব অনুযায়ী, ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের জন্য বিল হওয়ার কথা প্রায় ১ হাজার ৯৬৩ টাকা। কিন্তু সেপ্টেম্বর মাসের বিলে সেই ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা উল্লেখ করা হয়েছে।
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মহিতুল ইসলাম জানান, মিটার পরিবর্তনের সময় সিল নম্বরের একটি ডিজ ভুল করে ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হওয়ায় এই অস্বাভাবিক বিল তৈরি হয়েছে।
তিনি জানান, ভুলটি সংশোধন করে বিলটি ঠিক করা হবে। একই সঙ্গে কীভাবে এমন ভুল হয়েছে, তা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, অস্বাভাবিকভাবে তৈরি হওয়া বিলটি সংশোধনের প্রক্রিয়া নেওয়া হয়েছে।
মন্তব্য করুন