
আমানতকারীদের অর্থ ফেরতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অবসায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে আবিবা, ফারিস্ট, এফএস ফাইনান্স ও ইন্টারন্যাশনাল লিজিংয়ে প্রশাসক নিয়োগের পর এবার চূড়ান্ত করা হয়েছে আমানত ফেরত স্কিম। চলতি সপ্তাহেই এ স্কিম ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, পাঁচ ব্যাংকের আমানত ফেরতের আদলে চার আর্থিক প্রতিষ্ঠানের জন্যও একটি পূর্ণাঙ্গ স্কিম তৈরি করা হচ্ছে। সরকারের অনুমোদন ও প্রয়োজনীয় তহবিল পাওয়ার পর স্কিমটি ঘোষণা করা হবে। এরপর ধাপে ধাপে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু হবে।
প্রস্তাবিত স্কিম অনুযায়ী, ১০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত আমানতকারীরা পুরো অর্থ ফেরত পাবেন। ২০ লাখ টাকা পর্যন্ত আমানতের ক্ষেত্রে প্রথম ধাপে ৯০ শতাংশ এবং ৩০ লাখ টাকা পর্যন্ত আমানতের ক্ষেত্রে ৮৫ শতাংশ অর্থ ফেরত দেওয়ার কথা রয়েছে। আমানতের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে প্রথম ধাপে ফেরতের হারও কমবে।
আরিফ হোসেন খান বলেন, স্কিমে পুরো প্রক্রিয়ার সময়সীমা উল্লেখ থাকবে। কারা কত টাকা বা কত শতাংশ অর্থ প্রথম ধাপে পাবেন, আর বাকি অর্থ কবে ও কীভাবে পরিশোধ করা হবে-এসব বিষয়ও সেখানে স্পষ্ট করা হবে।
এদিকে বিআইডিএসের সাবেক মহাপরিচালক এম কে মুজেরি বলেন, আমানতকারীদের অর্থ ফেরতের ব্যবস্থা করে অদক্ষ এসব প্রতিষ্ঠানকে অবসায়নের মাধ্যমে প্রক্রিয়াটি শেষ করা প্রয়োজন। তার মতে, আমানতকারীদের পাওনা পরিশোধের পর এসব প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসাই হবে কার্যকর সমাধান।
অন্যদিকে, অবসায়ন প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার পর প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ বিবেচনায় প্রাতিষ্ঠানিক আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে।
মন্তব্য করুন