
বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

এ লক্ষ্যে মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হয়েছে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই সেলের মাধ্যমে প্রবাসীরা তাদের যেকোনো সমস্যা বা অভিযোগ সরাসরি ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে পারবেন। প্রাপ্ত প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসীদের পাঠানো আবেদন ও অভিযোগগুলো দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে সরাসরি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হবে। এর ফলে নীতিনির্ধারণী পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে।
অফিস আদেশ অনুযায়ী, minister@probashi.gov.bd এবং inister.expat@gmail.com ই-মেইল ঠিকানায় প্রবাসীদের পাঠানো অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল।
মন্ত্রণালয়ের এই উদ্যোগের মাধ্যমে বিদেশে থাকা বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের দ্রুত সমাধানের পথ আরও সহজ হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্তব্য করুন