
দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থে বিএনপি সরকারের প্রতি আস্থা ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থন নিয়েই বিএনপি সরকার গঠন করেছে। নির্বাচনে জনগণ বিএনপির ওপর যে আস্থা রেখেছেন, তা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, বিএনপি বাংলাদেশের জনগণের জন্যই কাজ করবে। দলটি যতদিন টিকে থাকবে, ততদিন দেশের ও জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না।
পাকুন্দিয়ায় পৌঁছে প্রধানমন্ত্রী মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। পরে অনুষ্ঠানস্থলে আয়োজিত সমাবেশে তিনি মঞ্চে উঠলে উপস্থিত হাজারো নেতাকর্মী করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন।
বিশৃঙ্খলাকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান
সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েন সাধারণ মানুষ। তাঁদের ব্যবসা-বাণিজ্য, চাকরি ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। অন্যদিকে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরাই এতে লাভবান হয়।
তিনি বলেন, দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড, বিশৃঙ্খলা সৃষ্টি এবং জনগণের স্বার্থে নেওয়া কর্মসূচিতে বাধা দেওয়ার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ এখন শান্তি চায়। তারা আইনের শাসন, কর্মসংস্থান, সন্তানদের জন্য শিক্ষা এবং পরিবারের জন্য উন্নত স্বাস্থ্যসেবা চায়। এসব লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ধৈর্য ধরার পাশাপাশি যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে।
কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্য
তারেক রহমান বলেন, সরকারের অন্যতম লক্ষ্য হলো একটি কল্যাণমুখী বা ওয়েলফেয়ার স্টেট গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ডসহ নানা কর্মসূচি চালু করা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, পাকুন্দিয়ার সমাবেশে উপস্থিত হাজারো মানুষ এসব পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন। পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে দেশের মানুষ উপকৃত হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিএনপিকে যে সমর্থন দিয়েছে, সেই আস্থা ধরে রাখতে হবে।
অনুষ্ঠানে সংসদ সদস্য ফজলুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন