
চব্বিশের জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সবচেয়ে বেশি অবদান ছিল বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টন। তিনি জানান, খালেদা জিয়ার ছবি মেট্রোরেলের পিলারে গ্রাফিতি হিসেবে আঁকা হবে।

শুক্রবার সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বরে ডিএনসিসি আয়োজিত ‘জুলাই গ্রাফিতি রিমেক’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল খালেদা জিয়ার। এ কারণে মেট্রোরেলের পিলারে তাঁর ছবি আঁকা হবে। তবে এ কার্যক্রমে কোনো ধরনের রাজনীতিকরণ করা হবে না। গণতন্ত্র পুনরুদ্ধারে যারা অবদান রেখেছেন, তাদের সবার গ্রাফিতি মেট্রোরেলের পিলারে আঁকা হবে।
এ সময় রাজধানীর ফুটপাত দখলমুক্ত করারও ঘোষণা দেন শফিকুল ইসলাম মিল্টন। তিনি বলেন, ঢাকা শহরের প্রতিটি এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে। যেসব স্থানে সমস্যা রয়েছে, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা নিয়ে সেগুলোর সমাধান করা হবে।
ফুটপাত পুনর্দখলের চেষ্টা নিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, একটি রাজনৈতিক দল ফুটপাত দখলকারীদের উসকানি দিয়ে আবারও ফুটপাত দখলের চেষ্টা করছে। কেউ ফুটপাত দখলের ষড়যন্ত্র করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
মন্তব্য করুন