
আত্মহত্যার প্ররোচনার মামলায় দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড শেষে এমপি গাজী নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছে।

রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে ডিবি পুলিশ। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শেরেবাংলা নগর থানায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় একই আদালতের বিচারক রিপন হোসেন গাজী নজরুল ইসলামকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২১ সেপ্টেম্বর একই মামলায় এমপি গাজী নজরুল ইসলামের চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
মামলার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর ওই রাতেই গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে হেফাজতে নেয় পুলিশ।
পরে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।
মামলাটি আদালতে উঠলে গত ২১ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালত গাজী নজরুল ইসলামের চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ছাড়া গত ২৩ সেপ্টেম্বর মামলায় ওবায়দুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মন্তব্য করুন