
বগুড়া প্রতিনিধি:
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের চলন্ত ট্রেনের খাবারের বগিতে ৪৪ বছর বয়সী এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিক (২২)-কে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে পুলিশ। একই ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা অজ্ঞাতপরিচয় দুই পুলিশ সদস্যের বিরুদ্ধেও শ্লীলতাহানির অভিযোগ এনে মামলা করেছেন ওই নারী।

মামলার এজাহার ও পুলিশের ভাষ্য অনুযায়ী, সোমবার ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে ট্রেনে ওঠেন ওই নারী। ট্রেনটি সিরাজগঞ্জ স্টেশন পার হওয়ার পর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য দেহ তল্লাশির কথা বলে তাকে খাবারের বগিতে নিয়ে যান বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। সেখানে ওই দুই পুলিশ সদস্য তাঁর শ্লীলতাহানি করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এরপর খাবারের বগির ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিক তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ।
পরে ভুক্তভোগীর চিৎকারে বিষয়টি টের পেয়ে ট্রেনের যাত্রীরা তাকে উদ্ধার করেন এবং ক্যান্টিনবয় আবু বক্করকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। একই সময়ে ওই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ চলন্ত ট্রেন থেকে আবু বক্করকে আটক করে।
এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলায় ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিকের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকা অজ্ঞাতপরিচয় দুই পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার আবু বক্করকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন জানিয়েছেন, দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে করা অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে।
মন্তব্য করুন