
গ্রামের মানুষকে চিকিৎসার জন্য যেন শহরমুখী হতে না হয়, সে লক্ষ্যেই স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ উদ্দেশ্যে দেশের গ্রামাঞ্চলে ‘হেলথ হাব’ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

রবিবার (৮ আগস্ট) সকালে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
হাসপাতাল পরিদর্শনের সময় এর সার্বিক ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় জেলা সিভিল সার্জন ডা. মো. নুর আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে স্বাস্থ্যখাতের প্রতি প্রয়োজনীয় নজর দেওয়া হয়নি। এর ফলে দেশের স্বাস্থ্যব্যবস্থায় বর্তমানে ভঙ্গুর পরিস্থিতি বিরাজ করছে।
তিনি আরও অভিযোগ করেন, ওই সময়ে অতিরিক্ত দামে চিকিৎসা সরঞ্জাম কেনার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে।
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন