
চাঁদপুরে বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে নেশাগ্রস্ত অবস্থায় উপস্থিত থাকার অভিযোগে দলীয় পদ হারিয়েছেন মো. শাহাদাত হোসেন হাওলাদার। তাঁকে বিএনপির সব ধরনের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মিয়াজী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, গত ১৬ আগস্ট শাহাদাত হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
শাহাদাত হোসেন হাওলাদার চাঁদপুর পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দলীয় সূত্রে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় গঠনতন্ত্রবহির্ভূত কর্মকাণ্ড এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে শাহাদাত হোসেনকে এর আগেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে নোটিশ পাওয়ার পরও তিনি নিজেকে সংশোধন করেননি।
চিঠিতে বলা হয়, গত ১৫ আগস্ট বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শাহাদাত হোসেন হাওলাদার নেশাগ্রস্ত অবস্থায় উপস্থিত হন। এ ঘটনাকে দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করে তাঁকে সব ধরনের দলীয় পদ-পদবি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কারের আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও চিঠিতে জানানো হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে মো. শাহাদাত হোসেন হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন