
আঞ্চলিক জলসীমায় টহলরত দুটি মার্কিন নৌযানে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানোর পর দেশটির তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, একটি বিমানবাহী রণতরি ও একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইরানের একাধিক উসকানিবিহীন হামলা’ সফলভাবে এড়িয়ে গেছে।
সেন্টকমের বিবৃতি অনুযায়ী, এরপর মার্কিন বাহিনী খার্গ দ্বীপের উপকূল ও জাস্কের কাছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট দুটি তেলবাহী ট্যাংকার-এম/টি ডাউনি ও এম/টি স্টার্ক-১-ধ্বংস করে। একই সময়ে ওমান উপসাগরে তেলবিহীন আরও একটি ট্যাংকার অচল করে দেওয়া হয়। এসব ঘটনায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি বলে জানিয়েছে সেন্টকম।
সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, নিজেদের সুরক্ষায় মার্কিন বাহিনী কোনো ধরনের দ্বিধা করবে না।
তিনি বলেন, প্রয়োজন হলে ইরানের উন্মুক্ত তেলবাহী নৌবহর ধ্বংস করতেও প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। আইআরজিসির উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি আমাদের দুটি জাহাজে হামলা করেন, তাহলে আমরা আরও বড় অর্থনৈতিক মূল্য চাপিয়ে দেব।
এর আগে ইরান অভিযোগ করে, পারস্য উপসাগরের খার্গ দ্বীপের কাছে যুক্তরাষ্ট্র একটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম স্থানীয় সূত্রের বরাতে জানায়, ওই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্যাংকারটির নাবিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছিল বলেও জানানো হয়।
মন্তব্য করুন