
ম্যাকাই টেস্টে ইনিংস হারের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় সফরকারীরা। সেই চাপ সামলে দলকে এগিয়ে নিতে পারেননি তানজিদ হাসান তামিম। ব্যর্থ হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

রোববার (২৩ আগস্ট) গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই দুই উইকেট হারায় বাংলাদেশ। এরপরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল, কিন্তু ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল থামেনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৩ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সংগ্রহ থেকে এখনও ৭৩ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। ফলে ইনিংস হার এড়াতে এখন শেষ তিন ব্যাটারের ওপরই বড় দায়িত্ব।
বাংলাদেশের হয়ে ৩১ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহমান। তার সঙ্গে ব্যাট করছেন তাইজুল ইসলাম।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স নিয়েছেন তিনটি করে উইকেট। এছাড়া বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সাজঘরে ফিরিয়েছেন নাথান লায়ন।
এর আগে টেস্টের প্রথম দিনে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ২১০ রান সংগ্রহ করে। ফলে ১৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যাটারদের ব্যর্থতায় আবারও বড় বিপর্যয়ের মুখে পড়েছে টাইগাররা।
মন্তব্য করুন