
আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিম। রোববার (১৬ আগস্ট) দুপুরে আইনমন্ত্রী বরাবর তাঁর লিখিত পদত্যাগপত্র সলিসিটর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই পদত্যাগের সিদ্ধান্ত নেন নূরুল করিম।
এদিকে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। রোববার দুপুরে কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে আইনজীবীরা মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট এলাকা প্রদক্ষিণ করেন। পরে তাঁরা অ্যানেক্স ভবনের সামনে অবস্থান নেন। এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগে অনিয়ম ও কথিত নিয়োগ-বাণিজ্যের তদন্ত এবং ফোরামের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তাঁরা।
বিক্ষোভে অংশ নেওয়া আইনজীবীদের দফা এক, দাবি এক, অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
কর্মসূচিতে আইনজীবী শরীফ ইউ আহমেদ বলেন, তাঁরা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের পদত্যাগ চান। তাঁর দাবি, ওয়ান-ইলেভেনের সময় রুহুল কুদ্দুস কাজল নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন বলে জানিয়েছিলেন। কিন্তু বর্তমানে তিনি ফ্যাসিস্টদের পৃষ্ঠপোষকতা করছেন এবং তাঁদের পুনর্গঠনের চেষ্টা করছেন।
শরীফ ইউ আহমেদ আরও বলেন, রুহুল কুদ্দুস কাজল অ্যাটর্নি জেনারেল পদে থাকার সব ধরনের যোগ্যতা হারিয়েছেন। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিয়োগের ক্ষেত্রে শত কোটি টাকার দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ অভিযোগের তদন্তের দাবিও জানান এই আইনজীবী।
এর আগে গত জুনে সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত সমর্থিত সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
তৎকালীন পদত্যাগকারী কর্মকর্তাদের অন্যতম ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন। তিনি জানিয়েছিলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা, সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে তাঁরা যৌথভাবে পদত্যাগ করেছিলেন।
মন্তব্য করুন