
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে জানিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ার সুযোগ থাকলেও স্থানীয় নির্বাচনে এ ধরনের কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানান তিনি।

রোববার (২৩ আগস্ট) সকালে ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন রাশেদ খান।
তিনি বলেন, স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি একক প্রার্থী দেবে এবং দলের সিদ্ধান্ত মেনে সবাইকে নির্বাচনে অংশ নিতে হবে।
দেশের চলমান লোডশেডিং পরিস্থিতি নিয়েও কথা বলেন রাশেদ খান। তিনি বলেন, লোডশেডিংয়ে দেশের মানুষ চরম কষ্টে আছেন, বিষয়টি সরকার অনুধাবন করছে। দ্রুত এ সমস্যা থেকে উত্তরণের জন্য চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে দুঃখপ্রকাশ করেছেন। এর আগে কোনো প্রধানমন্ত্রী এভাবে দুঃখ প্রকাশ করেননি বলেও মন্তব্য করেন তিনি।
জ্বালানি তেলের সংকট প্রসঙ্গে রাশেদ খান বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে এ সংকট তৈরি হয়েছে। এরপরও বাংলাদেশ অনেক পরে এসে তেলের দাম সমন্বয় করেছে। অন্যদিকে বিদ্যুৎ সংকটের জন্য তিনি বিগত আওয়ামী লীগ সরকারের ‘লুটপাট’ এবং ইন্টেরিম সরকারের ‘অব্যবস্থাপনাকে’ দায়ী করেন।
জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তিনি বলেন, ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে না চাইলে জামায়াতের সরকারের সহযোগিতা করা উচিত। কল্যাণ রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শরিয়াহ আইন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদ, শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামসহ অন্যান্যরা।
মন্তব্য করুন