
দেশে বর্তমানে পর্যাপ্ত সার মজুত রয়েছে, তাই সার সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে কিছু এলাকায় বিতরণ ব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ায় কৃষকদের স্বার্থে এ ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।
জাহেদ উর রহমান বলেন, দেশে পর্যাপ্ত সার মজুত থাকলেও কোনো কোনো এলাকায় যে সমস্যা দেখা দিয়েছে, তা মূলত বিতরণসংক্রান্ত। নতুন বিতরণ প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় করতে গিয়ে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে।
তিনি জানান, কোনো কোনো ডিলার তাদের বরাদ্দ করা সার উত্তোলন করছেন না। এর ফলে কিছু এলাকায় সাময়িক সংকট তৈরি হচ্ছে। তবে এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না বলে আশা করছে সরকার।
ডিলারদের বরাদ্দ অনুযায়ী দ্রুত সার উত্তোলন করে কৃষকদের মধ্যে বিতরণের জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা।
জাহেদ উর রহমান জানান, ২৪ আগস্ট পর্যন্ত দেশে ইউরিয়ার মজুত রয়েছে ৪ লাখ ৮২ হাজার ২০০ টন। এছাড়া টিএসপি ৩ লাখ ৬৯ হাজার টন, ডিএপি ৩ লাখ ৬৮ হাজার টন এবং এমওপি ১ লাখ ৪৬ হাজার টন মজুত রয়েছে। সব মিলিয়ে বর্তমানে দেশে মোট ১৩ লাখ ৬৫ হাজার টন সার মজুত আছে।
এদিকে আমদানি পর্যায়ে রয়েছে টিএসপি ২ লাখ ১০ হাজার টন, ডিএপি ২ লাখ ৮০ হাজার টন এবং এমওপি ৩ লাখ ৭৫ হাজার টন।
তথ্য উপদেষ্টা বলেন, ২৪ আগস্ট অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে আরও ৩ লাখ ৬৫ হাজার টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে এক সপ্তাহের মধ্যে কানাডা, রাশিয়া ও সৌদি আরব থেকে আরও ১ লাখ ১৫ হাজার টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়।
নতুন অনুমোদনের মধ্যে রয়েছে ৬০ হাজার টন টিএসপি, ১ লাখ ২০ হাজার টন ডিএপি এবং ১ লাখ ১৫ হাজার টন এমওপি।
সার সরবরাহ নিশ্চিত করতে সরকার বিশেষভাবে সতর্ক রয়েছে বলে জানান জাহেদ উর রহমান। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে আন্তর্জাতিক পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটি বিবেচনায় রেখেই আগাম পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, জ্বালানির মতো সারের সরবরাহও বৈশ্বিক পরিস্থিতির কারণে প্রভাবিত হতে পারে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ সার সমুদ্রপথে পরিবহন করা হয়। ফলে আন্তর্জাতিক পরিবহনব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন তৈরি হলে এর প্রভাব দেশের সার সরবরাহেও পড়তে পারে।
দেশের খাদ্য উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সার সরবরাহের বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তথ্য উপদেষ্টা।
ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন