
রাজধানীর ভাটারার সাঈদ নগর এলাকায় একটি বাসার দ্বিতীয় তলার ব্যালকনি থেকে পড়ে মো. নাঈম (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার সকাল ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় নাঈমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাঈমের বাড়ি রংপুরের মিঠাপুকুর এলাকায়। তার বাবার নাম মোস্তাফিজুর রহমান। তিনি বর্তমানে রাজধানীর ভাটারার সাঈদ নগর এলাকায় বসবাস করতেন। ঘটনাটি ঘটেছে সাঈদ নগর বড় মসজিদের পাশের একটি বাসায়।
নাঈমের সহপাঠী মাজহারুল ইসলাম জানান, শুক্রবার সকালে অসাবধানতাবশত দ্বিতীয় তলার ব্যালকনি থেকে নিচে পড়ে গুরুতর আহত হন নাঈম। খবর পেয়ে তারা প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
মন্তব্য করুন