
রাজধানীর যাত্রাবাড়ী থানার মূল ফটকের সামনে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থানার মূল ফটকের সামনে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে বিস্ফোরিত বস্তুগুলো ককটেল বলে ধারণা করছে পুলিশ। বিস্ফোরণের পরপরই সেখানে গোলাগুলির শব্দও শোনা যায়।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।
এদিকে, একই দিনে রাজধানীর মালিবাগ, মহাখালী ও আগারগাঁওয়ের বিভিন্ন স্থানেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও সুপ্রিম কোর্ট চত্বরেও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনার পর রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন