
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় নাশকতা, বিশৃঙ্খলা ও নৈরাজ্য দমনে বিশেষ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় কয়েকটি বাসায় তল্লাশি চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে পল্লবীর কথিত কিশোর গ্যাংয়ের প্রধান ও কথিত সন্ত্রাসী আশিকের বাড়িসহ বেশ কয়েকটি বাসায় তল্লাশি চালান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পুলিশ জানায়, এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল এবং চাঁদাবাজি বন্ধের লক্ষ্যেই এ চিরুনি অভিযান চালানো হয়েছে। তল্লাশির সময় বিভিন্ন বাসা থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, নাকের নোলকসহ বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন