
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আগামী ২০ নভেম্বর শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। গত ৮ অক্টোবর নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মঙ্গলবার (২০ অক্টোবর) যৌথসভায় চূড়ান্ত ভোটার তালিকা হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাচসাসের প্রধান নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ।
তিনি জানান, গত ৮ অক্টোবর বাচসাসের নির্বাচন পরিচালনা কমিটির সভায় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। মঙ্গলবার দ্বিতীয় দফার যৌথসভায় চূড়ান্ত ভোটার তালিকা হস্তান্তর করা হয়েছে। এ সময় নির্বাচন কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ বলেন, বর্তমান কার্যনির্বাহী কমিটি নির্ধারিত সময়েই তাঁদের কাছে দায়িত্ব হস্তান্তর করেছে। এ জন্য কমিটিকে ধন্যবাদ জানান তিনি। সংশ্লিষ্ট কমিটির সহযোগিতায় সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
বাচসাসের ২০২৪-২৬ মেয়াদের সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন হবে জমজমাট ও উপভোগ্য। যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, নির্বাচন নিয়ে অনেকেই আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। সবার অংশগ্রহণে এবারও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে বলে তাঁরা আশাবাদী।
বাচসাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০ নভেম্বর শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
যৌথসভায় আরও উপস্থিত ছিলেন বর্তমান কার্যনির্বাহী পরিষদের সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া ও নির্বাহী সদস্য সাজু আহমেদসহ অন্যরা।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এরফানুল হক নাহিদ। কমিশনের অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সাংবাদিক ইমরুল শাহেদ, আমিনুল ইসলাম রাজু, হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদার।
মন্তব্য করুন