
বিদেশে অবস্থানরত ও অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনতা ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
প্রবাসীদের আর্থিক লেনদেন সহজ করা, তাদের ব্যাংকিং সেবার আওতায় আনা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমঝোতা স্মারকটি সই হয়। মন্ত্রণালয়ের পক্ষে সচিব মো. মোখতার আহমেদ এবং জনতা ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে এতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, ‘প্রবাসী কার্ড চালুর মাধ্যমে আমরা একটি ঐতিহাসিক ও যুগান্তকারী ঘটনার সাক্ষী হতে যাচ্ছি।’
তিনি বলেন, দেশের অর্থনীতি সচল রাখা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে প্রবাসী বাংলাদেশিদের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের সার্বিক সুরক্ষা, কষ্টার্জিত অর্থের নিরাপত্তা এবং দেশে আর্থিক লেনদেনের প্রক্রিয়া সহজ করতেই ডিজিটাল ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে জনতা ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দ্রুত ও নিরাপদে লেনদেনের পাশাপাশি সরকারের বিভিন্ন সুবিধাও সহজে নিতে পারবেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বলেন, সরকারের নির্ধারিত পরিকল্পনা ও রোডম্যাপ অনুযায়ী মন্ত্রণালয়ের কার্যক্রম দক্ষতার সঙ্গে এগিয়ে চলছে। প্রবাসীদের কল্যাণ ও তাদের সুযোগ-সুবিধা বাড়াতে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, ‘আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষর তারই একটি সুনির্দিষ্ট প্রতিফলন।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনতা ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন