
নাটোরে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর উপস্থিতিতে অনুষ্ঠিত একটি পথসভা থেকে পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত ওই পথসভায় ঘটনাটি ঘটে। আটক ব্যক্তি শহরের কানাইখালী মহল্লার শামসুল আলমের ছেলে তানিম হোসেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান জানান, পথসভা চলাকালে আটক যুবকের সঙ্গে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রীর দুইবার ধাক্কা লাগে। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে আটক করেন।
তিনি আরও জানান, পরে তল্লাশি চালিয়ে ওই যুবকের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। অস্ত্রটি কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল এবং এ ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা পরিকল্পনার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তাকে ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, মন্ত্রী ও হুইপ গাড়িতে ওঠার সময় ওই যুবক তাদের দিকে এগিয়ে এলে তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া পিস্তলটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
মন্তব্য করুন