
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি যেকোনো সময় ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, গত ১১ বছর নতুন পে-স্কেল না হওয়ায় প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী মুদ্রাস্ফীতির চাপে রয়েছেন। জনগণের জন্য বিষয়টি কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য আনতে হবে।
তিনি বলেন, বর্তমানে সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতি। এ সংকট মোকাবিলায় কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে পরিকল্পনা করা হচ্ছে।
দেশের গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিষয়ে এ বি এম আব্দুস সাত্তার বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের পাশাপাশি আগের সরকারের বিকল্প ব্যবস্থা না রাখাও বর্তমান সংকটের অন্যতম কারণ।
তিনি আরও জানান, রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীন থেকে সরবরাহ নিশ্চিত করে বহুমুখী সাপ্লাই চেইন গড়ে তোলার চেষ্টা করছে সরকার।
এ সময় মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
মন্তব্য করুন