
দীর্ঘ প্রায় দুই দশক ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা বিপজ্জনক রাসায়নিক অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। এর প্রথম ধাপে ধ্বংসের জন্য ৯টি কনটেইনার নারায়ণগঞ্জে পাঠানো হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় এসব রাসায়নিক বহনকারী গাড়ি চট্টগ্রাম বন্দরের এইট বি ইয়ার্ড থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ওয়াটা কেমিক্যালসের উদ্দেশে ছেড়ে যায়।
প্রথম ধাপে সরিয়ে নেওয়া ৯টি কনটেইনারের মধ্যে কের সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের একটি কনটেইনার, মিথানলের পাঁচটি এবং থিনারের দুটি কনটেইনার রয়েছে। বিপজ্জনক এসব রাসায়নিক ধ্বংস করার উদ্দেশ্যেই চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জে নেওয়া হচ্ছে।
বন্দর সূত্র জানায়, আমদানির পর বিভিন্ন কারণে এসব রাসায়নিকের কনটেইনার খালাস করা হয়নি। এর সঙ্গে মামলা-সংক্রান্ত জটিলতাও যুক্ত হয়। ফলে দীর্ঘ সময় ধরে বিপজ্জনক রাসায়নিকভর্তি কনটেইনারগুলো বন্দরে পড়ে থাকে।
দীর্ঘদিন আটকে থাকা এসব কনটেইনারের সংখ্যা মোট ২৯টি। এগুলোতে প্রায় ৮১ টন রাসায়নিক পদার্থ রয়েছে। দীর্ঘ সময় ধরে বন্দরের ভেতরে এসব বিপজ্জনক পদার্থ পড়ে থাকায় তা বন্দরের নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে।
বিষয়টি সমাধানে সরকারের বিভিন্ন মহল থেকে উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় প্রথম ধাপে ৯টি কনটেইনার চট্টগ্রাম বন্দর থেকে অপসারণ করে নারায়ণগঞ্জে পাঠানো হলো।
বিশেষ নিরাপত্তাব্যবস্থায় রাসায়নিক বহনকারী গাড়িগুলো বন্দর এলাকার এইট বি ইয়ার্ড থেকে রূপগঞ্জের ওয়াটা কেমিক্যালসের উদ্দেশে যাত্রা করে। সেখানে এসব রাসায়নিক ধ্বংস করার কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন