
বগুড়ার দুপচাঁচিয়ায় দিনদুপুরে একটি এনজিওর শাখা ব্যবস্থাপককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত শাখা ব্যবস্থাপক সম্রাটকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার সহকর্মী শিবলু মিয়াকেও মারধর করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার সকালে বেডোর দুপচাঁচিয়া শাখার ব্যবস্থাপক সম্রাট ও কর্মী শিবলু মিয়া কুন্দগ্রাম এলাকার বিভিন্ন সদস্য ও ঋণগ্রহীতার কাছ থেকে নিয়মিত মাসিক কিস্তির টাকা আদায় করেন। পরে আদায় করা প্রায় ৫ লাখ টাকা একটি ব্যাগে নিয়ে মোটরসাইকেলে করে বানিয়াগাড়ী দক্ষিণপাড়া দিয়ে শাখা কার্যালয়ের দিকে ফিরছিলেন তারা।
বেডোর আদমদীঘি এলাকার ব্যবস্থাপক আনিসুর রহমান জানান, পথে সিদ্দিক শেখ, ইদ্রিস শেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন। একপর্যায়ে হামলাকারীরা শাখা ব্যবস্থাপক সম্রাটকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত ও আহত করেন।
সম্রাটকে রক্ষা করতে তার সহকর্মী শিবলু মিয়া এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। পরে হামলাকারীরা তাদের কাছে থাকা কিস্তির প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
বেডোর কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারের দাবিতে তিনি বাদী হয়ে থানায় মামলা করবেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এনজিও প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা করার কথা জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন