ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটকে আবারও আগের নামফলক স্থাপন করা হচ্ছে। বর্তমানে ফটকে থাকা ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে পুনরায় ‘শেখ মুজিবুর রহমান হল’ নামফলক বসানোর কাজ শুরু হয়েছে।

বুধবার দুপুরে হলটির প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলক সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করে সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, হলটির নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ করার দাবি উঠলেও এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের চূড়ান্ত অনুমোদন হয়নি। ফলে প্রশাসনিকভাবে আগের নামই বহাল থাকছে এবং সেই নামের নামফলক পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ইসরাফিল রতন বলেন, ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি শিক্ষার্থীরা লিখেছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ নামের কোনো অনুমোদন দেওয়া হয়নি। এ কারণে হল প্রশাসন আগের নামফলকটি পুনরায় স্থাপনের উদ্যোগ নিয়েছে।
এ বিষয়ে শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
যেভাবে নাম পরিবর্তনের উদ্যোগ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে ২০২৫ সালের ১২ ডিসেম্বর গুলি করে দুর্বৃত্তরা। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তনের দাবি ওঠে।
এর ধারাবাহিকতায় শিক্ষার্থীরা হলের প্রধান ফটকের পুরোনো নামফলক সরিয়ে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম লিখে দেন। গত বছরের ২০ ডিসেম্বর রাতে ক্রেন ব্যবহার করে নামফলক পরিবর্তনের কাজ করা হয়।
এরপর ২০২৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ করার সুপারিশ করা হয়। একই সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনেরও সুপারিশ করা হয়েছিল। তবে এসব সুপারিশ সিন্ডিকেটের চূড়ান্ত অনুমোদন পায়নি।
এরও আগে, জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে কাজী নজরুল ইসলাম হল করার দাবি জানিয়েছিল শিক্ষার্থীদের একটি অংশ।
ফলে নাম পরিবর্তন নিয়ে একাধিক দাবির পরও সিন্ডিকেটের চূড়ান্ত অনুমোদন না থাকায় এখন আবারও ‘শেখ মুজিবুর রহমান হল’ নামফলক ফিরিয়ে আনা হচ্ছে।
মন্তব্য করুন