
ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি ফুটপাত পুনর্দখল ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, নগরবাসীকে সঙ্গে নিয়ে হকারমুক্ত ফুটপাত, ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে কাজ করছে ডিএনসিসি।

শনিবার (৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউতে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস ও সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, গত তিন মাস ধরে প্রতি শনিবার পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য নগরবাসীকে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে সুরক্ষা দেওয়া এবং ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগর হিসেবে গড়ে তোলা।
তিনি জানান, ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা সরকারি ভবন, বাসাবাড়ি ও পরিত্যক্ত স্থানে অভিযান চালাচ্ছেন। এসব অভিযানে এডিস মশার লার্ভা শনাক্তের পাশাপাশি তা ধ্বংস করা হচ্ছে।
এ সময় নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
শফিকুল ইসলাম খান বলেন, বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। বিভিন্ন হাসপাতালে প্রায় ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
নগরবাসী ও ডিএনসিসির সম্মিলিত সচেতনতার মাধ্যমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্যে নামিয়ে আনা সম্ভব বলেও মত দেন তিনি।
ডিএনসিসি প্রশাসক জানান, সরকার ঘোষিত ৯০ দিনের বিশেষ কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় হাউজিং সোসাইটি, মালিক সমিতি ও ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত মতবিনিময় করছে ডিএনসিসি।
একই সঙ্গে ফুটপাত পুনর্দখল ঠেকাতেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। স্থানীয় জনগণ, সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে বলে জানান তিনি।
তার ভাষ্য, নগরবাসীর সহযোগিতা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত রাখা এবং পরিচ্ছন্ন নগর নিশ্চিত করার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন