
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব কর্মসূচি পালন করবে দলটি।

সোমবার (২৬ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথসভায় সর্বসম্মতিক্রমে এসব কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৭ নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
একই দিন সকাল ১১টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় নেতৃবৃন্দ এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির সাবেক চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর বেলা ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। পাশাপাশি সারা দেশের জেলা ও মহানগর পর্যায়েও দলটির উদ্যোগে র্যালির আয়োজন করা হবে। এর পরদিন, ৮ নভেম্বর, থানা ও উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ৬ নভেম্বর বেলা ৩টায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ নিজ উদ্যোগে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।
অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কর্মসূচির মধ্যে রয়েছে-৫ নভেম্বর শ্রমিক দলের আলোচনা সভা, ৯ নভেম্বর সকাল ১১টায় কৃষক দলের আলোচনা সভা, একই দিন বিকেল ৩টায় জাসাসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১০ নভেম্বর যুবদলের আলোচনা সভা।
অন্যদিকে, ছাত্রদল ৭ নভেম্বর সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোকচিত্র প্রদর্শনী এবং ৮ নভেম্বর আলোচনা সভার আয়োজন করবে। ওলামা দল এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করবে।
বিজ্ঞপ্তিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যৌথসভায় গৃহীত কর্মসূচি সফল করতে ঢাকাসহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন