
চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। একই সঙ্গে দেশব্যাপী স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন ৩ থেকে ৯ ধাপে অনুষ্ঠিত হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ইসি সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিব।
আখতার আহমেদ জানান, স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন ৩ থেকে ৯ ধাপে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে উপজেলা ভিত্তিক হিসাব ধরে প্রতিটি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইসি সচিব আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনে পোস্টারের ব্যবহার থাকছে না। প্রস্তাবিত আচরণবিধিতে সংসদ নির্বাচনের আচরণবিধিকে প্রাধান্য দিয়ে বিভিন্ন সুপারিশ করা হয়েছে।
শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড ইস্যুর বিষয়ে সোমবার সকালে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে প্রস্তাবনা প্রণয়নের পর আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন